চাঁপাইনবাবগঞ্জ

দুর্গাপূজার নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত মণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা।

বুধবার (১ অক্টোবর) বিজিবি সূত্র জানায়, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন সদর ও শিবগঞ্জের আংশিক সীমান্তে অবস্থিত ৯টি মন্ডপে ৬ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন আংশিক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে অবস্থিত ১২টি মণ্ডপে ৬ প্লাটুন এবং নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন গোমস্তাপুরের ১৬টি মণ্ডপে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছে বিজিবি।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তের বাইরে ব্যাটালিয়ন সদরের ২ কিলোমিটারের মধ্যে আরো ২ প্লাটুন বিজিবি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সদর উপজেলায় ব্যাটালিয়ন সদরের আশপাশের মণ্ডপগুলোতেও নিরাপত্তায় নজর রাখছে বিজিবি। এ ছাড়া বুধবার বিকালে সীমান্তবর্তী মণ্ডপগুলো পরিদর্শন করে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে।

১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুর সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত সকল পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

বুধবার রাত সাড়ে ৮টায় জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, জেলাব্যাপী ১৬০টি মণ্ডপে আনন্দঘন পরিবেশে শরাদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে সদরে ৬১, শিবগঞ্জে ৩২, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৬ ও ভোলাহাটে ৩টি মণ্ডপ রয়েছে। এবার দর্শনার্থী ভিড় প্রচুর। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।