সদ্য প্রকাশিত
খেলা

দলবদল নিয়ে খেপেছেন আর্জেন্টাইন তারকা, বড় সিদ্ধান্তের ইঙ্গিত

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৬২ মিনিট পড়া
দলবদল নিয়ে খেপেছেন আর্জেন্টাইন তারকা, বড় সিদ্ধান্তের ইঙ্গিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রীষ্মকালীন দলবদলের আর মাত্র দিনচারেক বাকি। ঠিক এই মুহূর্তে স্প্যানিশ ফুটবলে চরম নাটকীয় রূপ নিয়েছে হুলিয়ান আলভারেজের ট্রান্সফার ইস্যু।

শৈশবের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমাতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ১০০ মিলিয়ন ইউরোর বড় প্রস্তাব পাওয়ার পরও সাড়া না দিয়ে উল্টো বার্সার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অ্যাতলেতিকো প্রেসিডেন্ট এনরিকে সেরেজো। ক্লাবের এমন আচরণে অসন্তুষ্ট আলভারেজ এবার নিজেই প্রকাশ্যে মুখ খোলার প্রস্তুতি নিচ্ছেন।
স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া মাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, আগস্টের শুরুতেই নিজের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে পারেন এই বিশ্বজয়ী তারকা।

অ্যাতলেতিকোর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এবং বাই-আউট ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হওয়া সত্ত্বেও আলভারেজকে আশ্বাস দেওয়া হয়েছিল বড় কোনো ক্লাব থেকে ভালো প্রস্তাব পেলে আলোচনার টেবিলে বসবে কর্তৃপক্ষ। তবে বার্সেলোনার মতো ক্লাব মোটা অঙ্কের অফার নিয়ে আসার পরও ক্লাবের টালবাহানায় ক্ষুব্ধ আলভারেজ।
নিজের অবস্থান একেবারেই স্পষ্ট করে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলবদল করলে সেটা শুধুই বার্সেলোনাতে।

শৈশব থেকে বুকে লালন করা সেই স্বপ্নপূরণে প্রয়োজনে ক্লাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেও পিছপা হবেন না তিনি। বিশ্বকাপ চলাকালীনও নিজের স্পষ্ট বার্তা দিয়েছিলেন আলভারেজ, ‘ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমি মনে করি, এই মুহূর্তে দলবদল সবার জন্যই ভালো এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
পিএসজি বা আর্সেনালের মতো ক্লাবগুলোর আগ্রহ থাকলেও আলভারেজের মন পচে আছে ন্যু ক্যাম্পেই। অন্যদিকে, আতলেতিকো তাদের এই ‘সোনার ডিম পাড়া হাঁসকে’ কিছুতেই ছাড়তে নারাজ।

বিশেষ করে বার্সেলোনার কাছে বেচতে তাদের চরম আপত্তি।
বার্সেলোনা কোচিং স্টাফও আলভারেজকে আক্রমণভাগের আদর্শ সমাধান হিসেবেই দেখছেন। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ ও অ্যাতলেতিকোর কঠোর অবস্থানের কারণে বার্সা এখন ‘ধীরচলো’ নীতি গ্রহণ করেছে। তাদের সোজা কথা, বরফ গলাতে হলে উদ্যোগটা আলভারেজকেই নিতে হবে।