সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদন ও রফতানিতে নানা কারণে খরচ বাড়লেও বিদেশি ক্রেতারা সেই হারে দাম বাড়াচ্ছে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পোশাকের যৌক্তিক দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
রোববার সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ট্যুমো প্যুশিয়ানিনের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান রাখেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। উপযুক্ত মজুরি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিক ইচ্ছায় এবং তৈরি পোশাক কারখানার মালিকদের সহযোগিতায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমূল পরিবর্তন এসেছে। শ্রমিকদের বেতন বেড়েছে, কারখানাগুলো নিরাপদ হয়েছে। দেশে একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে।
তিনি বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের কারখানাগুলোর কাজের পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে। আইএলও’র পরামর্শে শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। কারখানাগুলো আধুনিক ও নিরাপদ করতে মালিকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে ব্যয় আরও বেড়েছে। কিন্তু তৈরি পোশাকের ক্রেতারা সে অনুপাতে পোশাকের মূল্য বাড়াচ্ছে না। আইএলও তৈরি পোশাকের যৌক্তিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক প্রতিকূল পরিবেশ অতিক্রম করে বর্তমান অবস্থানে এসেছে। শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ আন্তরিক। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা রেখে যাচ্ছে। কারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করতে ন্যাশনাল ইনেশিয়েটিভ, অ্যাকর্ড ও অ্যালায়েন্স দীর্ঘদিন কাজ করেছে। আমরা বিশ্বাস করি রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) যথাযথ ভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। বাংলাদেশ আইএলও’র সহযোগিতা পেয়েছে।









