নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার তদন্ত হচ্ছে। রেলওয়ের চার সদস্যের একটি কমিটি এ নিয়ে কাজ করছে। আগামী রোববার কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুঁই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (গ্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ ফজলে রাব্বি এ ব্যাপারে তদন্ত করছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আহসান হাবিব বলেন, ‘ঘটনার পর তদন্ত কমিটি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। রোববার তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।’
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চারঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়। তবে লাইনচ্যুতির ঘটনায় কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।









