রাজশাহী

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে পুঠিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগান, অপপ্রচার এবং ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলা সদরের কাঁঠালবাড়ীয়ায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ঢাকা-রাজশাহী মহাসড়ক  প্রদক্ষিণ করে পুঠিয়া বাসষ্ট্যান্ড চত্বরের তাহেরপুর মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান।

এ সময় বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি স্বচ্ছ রাজনীতির দল। সজ্জন হিসেবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। দেশের মানুষের হৃদয়ের গভীরে এই দলের স্থান এবং ভোটের মাঠেও এই দলের সমর্থক সর্বোচ্চ। আর আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এই ভয়ে দুই/একটি দল বিভিন্নভাবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি, আগামীতে মিথ্যা ওইসব অপপ্রচারকারীদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।