
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
মৃত্যু। সে তো নিশ্চিত এক যাত্রা। এ পর্যন্ত কেউই এ সত্যকে অস্বীকার করতে পারেনি। একে একে সবাই চলে যাচ্ছে। আগে আর পরে। তবে কিছু কিছু মৃত্যু অমর হয়ে থাকে।

সশরীরে মানুষটি আমাদের মাঝে থাকে না, কিন্তু জীবদ্দশায় তিনি এমন কিছু কাজ ও দৃষ্টান্ত রেখে যান, যা সবার জন্য স্মরণীয় ও করণীয় হয়ে দেখা দেয়। এমন একজন মানুষের নাম বলতে গেলে তালিকার অগ্রভাগে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নাম আসবেই। যিনি নিজেই একটা ‘প্রতিষ্ঠান’। জীবদ্দশায় নিজের নামকে ব্র্যান্ডিং করে যেতে পেরেছেন। ‘যমুনার বাবুল’ বললে এক নামে সবাইকে তাকে চিনতে পারে।
আজ ১৩ জুলাই। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। চিরতরে চলে যাওয়ার দিন। শোককে শক্তিতে রূপান্তরিত করার দিন আমাদের। যমুনা শিল্প পরিবারের এগিয়ে যাওয়ার নতুন শপথের দিন। দেখতে দেখতে দু’বছর পার হয়ে গেল। তিনি যুগান্তরের স্বপ্নদ্রষ্টা। যমুনা টিভিকে বিশ্বমানের টিভি চ্যানেলে নিয়ে যেতে যার স্বপ্ন ও সাহস ছিল আকাশছোঁয়া।
তিনিই আমাদের যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমাদের মধ্যে যার শারীরিক উপস্থিতি নেই বটে; কিন্তু রেখে গেছেন হাজারও কীর্তি। সব মানুষের সাহসের কণ্ঠস্বর দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন, যমুনা ফিউচার পার্ক, যমুনা ইলেকট্রনিক্স, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ ৪১টি সফল শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তিনি করে গেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের জীবন সংসার চলছে যমুনা শিল্প পরিবারের হাত ধরে। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় আর কী সাফল্য হতে পারে?
স্বপ্ন ও সাহসের চাকায় ভর করে এ মানুষটি একাই যা করেছেন-তা এক বিরল দৃষ্টান্ত। জš§ যার সত্যিই সার্থক। ধন্য হয়েছে ধরা। যে মানুষটি ছিলেন স্বপ্নের চেয়ে বড়। শুধু স্বপ্ন দেখতেন না। করে দেখাতেন। মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন। সৎভাবে সাহসের সঙ্গে ব্যবসা করা, আর ঝুঁকি নেওয়া ছিল তার চরিত্রের বড় একটি অংশ। ভালোবাসতেন কাজকে।
সময়কে ব্যবহার করতেন ঠিকমতো। সময়ের গতির চেয়ে নিজের গতি ঠিক করতেন হাজার গুণ গতিতে। তার মতো সময়জ্ঞান রাখা মানুষ আজকাল খুব একটা মেলে না। ৯টা-৭টা টানা অফিস। সম্ভব হলে প্রতি সপ্তাহেই সড়কপথেই ছুটে যেতেন ফ্যাক্টরি পরিদর্শনে। রওয়ানা দিতেন কাকডাকা ভোরে। কখনো গাজীপুরের কোনাবাড়ি, কখনো হবিগঞ্জের মাধবপুরে স্থাপিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে। তিনি কাজের প্রয়োজনে সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশে যেতেন। দরকার হলে একেবারে সাধারণ লেবারের সঙ্গেও কথা বলতেন নিরেট সাধারণের মতো।
শিল্পপ্রতিষ্ঠানের মেশিনারিজসহ বিভিন্ন কেনাকাটা নিজেই করার চেষ্টা করতেন। এজন্য চীনসহ বিভিন্ন দেশে প্রায় প্রতি মাসেই চেয়ারম্যানের সফরসূচি লেগে থাকত। আমাদের বলতেন, ‘কেনার মুখেই লাভ। ব্যবসায় সফল হতে হলে এবং পণ্যের মান শতভাগ নিশ্চিত করতে চাইলে মেশিনারিজ ও কাঁচামাল নিজে উপস্থিত থেকে কেনা দরকার’। অনেক কষ্টসাধ্য হলেও সে কাজটি বেশিরভাগ সময় তিনি নিজেই করতেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সবচেয়ে অপছন্দ করতেন মিথ্যা বলা। তোষামোদ করা। কথা দিয়ে কথা না রাখা। সময়মতো উপস্থিত না হওয়া। কোনোভাবেই মানতে পারতেন না কাজের জন্য ঘুস, দুর্নীতির প্রস্তাব। দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীকে জীবনযুদ্ধের সবচেয়ে বড় শত্র“ মনে করতেন। এভাবে পছন্দ ও অপছন্দের তালিকা নাতিদীর্ঘ না হলেও, সবকিছুতেই তার লক্ষ্য থাকত ‘নম্বার ওয়ান’ হওয়া।
প্রিয় পাঠক, আমি যা লিখছি তা নিখাদ সত্য তো বটেই, বরং অনেক কমই লিখছি। এগুলো আমার খুব কাছ থেকে দেখা। এক-দু’দিন নয়। বহুদিন। যারা তার সঙ্গে একান্তভাবে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা আমার এ কথাগুলোর অন্যতম সাক্ষী। আর এ কথাগুলো লিখে কাউকে খুশি করা কিংবা এর মধ্যে চাওয়া-পাওয়ার কোনো বিষয় তো প্রশ্নাতীত। বাস্তবে এ মানুষটির কাছ থেকে যারা কাছ শিখেছে এবং শিখতে চেয়েছে, তাদের কেউ কোনোদিন পরাজিত হবে না। তারা যেখানেই কাজ করবে, সেখানেই সফল হবে।
জীবদ্দশায় তিনি বহুদিন আমাকে বলেছেন, ‘আমি এক সময় অবসর নিয়ে দেশজুড়ে জেলায় জেলায় গিয়ে যুব সমাবেশ করে শুধু বক্তৃতা দিয়েই সময় কাটাব। দেখবা, তখনো আমি এক নম্বার। সেরা মোটিভেটেট বক্তা হিসাবে সব চটকদারের চেয়ে বেশি আয় করছি।’ তিনি বলতেন, ‘এভাবে অর্থ উপার্জন করা আমার উদ্দেশ্য নয়। মূলত আলাহর অশেষ কৃপায় আমি যেভাবে মেধা ও শ্রম দিয়ে তিল তিল করে এ সাম্রাজ্য গড়ে তুলেছি, আমার দেশের যুব সমাজকেও সেভাবে কিছু একটা করে দেখাতে অনুপ্রাণিত করব। বলব-চাকরি করে কয় টাকা পাবা। আসো, উদ্যোক্তা হও। রাত দিন পরিশ্রম করো। দেশকে ভালোবাসো। এভাবে আমাদের দেশ এক সময় সিঙ্গাপুর, চীন ও মালয়েশিয়ার মতো উন্নত হবে।’
সবকিছুতে ‘মেড ইন বাংলাদেশ’ ছিল তার বড় স্বপ্ন। এ গভীর দেশপ্রেম থেকেই তিনি যমুনা ইলেকট্রনিক্সের অন্যতম স্লোগান নির্ধারণ করেছিলেন ‘দেশের জন্য যমুনার পণ্য’।
‘শূন্য থেকে শিখরে’ বলতে যা বোঝায়, তার শতভাগ প্রমাণ রেখেছেন নুরুল ইসলাম। দুর্বার সাহস আর অমিত সম্ভাবনার স্বপ্ন তাকে কখনো হতাশ করতে পারেনি। সত্যিই জীবনে কিছু একটা করতে পারবেন, এমন একটা সাহস তিনি নিজেই নিজেকে দিতেন। অত্যন্ত স্বাধীনচেতা ও সৃজনশীল মানসিকতার মানুষ নুরুল ইসলামকে তাই চাকরির কোনো বন্ধন আটকে রাখতে পারেনি। স্বাধীনতার আগে তিনি পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করলেও নিজে কিছু একটা করবেন বলে সব সময় চিন্তা করতেন। ১৯৭০ সালের শেষদিকে পাকিস্তান সেনাবাহিনীর সাঁতার টিমে থেকে আন্তর্জাতিক অঙ্গনে সেরা সাঁতারু হিসাবে বিশেষ কৃতিত্ব অর্জন করেন।
ওই সময় ইরান থেকে সাঁতার প্রতিযোগিতা শেষে দেশে ফিরে এসে তিনি আর সেনাবাহিনীতে যোগ দেননি। পদোন্নতিসহ তাকে ১৫ দিনের ছুটি দেওয়া হয়। এরপর বলা হয়, কুমিলা ক্যান্টনমেন্টে যোগ দিতে। কিন্তু নিজে কিছু একটা করবেন বলে মনস্থির করে ফেলেন। তখন নভেম্বর মাস। পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ পশ্চিম পাকিস্তানের শোষণ ও শাসন থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ধীরে ধীরে পুরো দেশ এগোচ্ছিল স্বাধীনতা আন্দোলনের দিকে। নুরুল ইসলামও তখন টগবগে যুবক।
স্বাধীনচেতা সাহসী সৈনিক হিসাবে তিনিও স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোর। অতঃপর স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মাতৃভ‚মি স্বাধীন করতে সমবয়সি বন্ধুদের নিয়ে সিনিয়রদের নেতৃত্বে বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়েন সম্মুখসমরে। খোদ রাজধানীতে মতিঝিল, দৈনিক বাংলা মোড়, গুলিস্তান, রমনা, কাকরাইল ও আজিমপুরসহ এ এলাকায় তীব্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেন।
মুক্তিযুদ্ধের দিনগুলোর বিস্তারিত বর্ণনা জীবদ্দশায় তিনি বিভিন্ন সময়ে নানা প্রেক্ষাপটে আমার সঙ্গে শেয়ার করেছেন। যুদ্ধের শেষদিকে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। পাক সেনারা তাকে আটকের পর অমানুষিক নির্যাতন করে। এক পর্যায়ে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত আসে।
কিন্তু মহান রাব্বুল আলামিন তো মহাপরিকল্পনাকারী। অতঃপর জীবন ফিরে পাওয়া। নতুন জীবন হাতের মুঠোয় নিয়ে স্বাধীন বাংলাদেশে তিনি দেশ বিনির্মাণে ঝাঁপিয়ে পড়েন। শুরুতেই যুক্ত হন ব্যবসায়। সে অনেক কথা। এ বীর মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন নানা ঘটনা এবং তার দীর্ঘ ব্যবসায়িক জীবনের নানা ঘাত-প্রতিঘাতের বর্ণনা এ স্বল্পপরিসরে তুলে ধরা সম্ভব নয়।
শেষ করব একটি কথা বলে। সেটি হলো-আমাদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কোনো বিকল্প নেই। তার বিকল্প তিনি শুধু নিজেই। মানুষ হিসাবে এটি তার একটি মাইলফলক সাফল্য। প্রয়াত চেয়ারম্যানের সন্তানরাও গর্ব করে বলেন, ‘আব্বার বিকল্প তো নেই। হবেও না। ওনার বিকল্প ছিলেন উনি নিজেই। তবে আব্বার কাছ থেকে যা আমরা শিখেছি-ইনশাআলাহ সেটাই মন দিয়ে করার চেষ্টা করছি। আলাহর অশেষ রহমতে সবার দোয়ায় আমরা সবকিছু ঠিকঠাক সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।’
লেখাটি যে মুহূর্তে শেষ করছি-তখন জাতীয় কবি নজরুল ইসলামের বিখ্যাত একটি গানের প্রথম লাইন কানে ভেসে আসছে। ‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে…।’ যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আজ আর এই ধরাধামে নেই। চিরদিনের জন্য চলে গেছেন। তবে কবি নজরুলের গানের মতো তিনিও কোনোদিন আমাদের ভুলতে দেবেন না। তাকে কোনোদিন ভুলে থাকা যাবে না।
বিএম জাহাঙ্গীর: উপসম্পাদক, দৈনিক যুগান্তর
সুত্রঃ যুগান্তর









