জাতীয়

ঢাকায় কাতারের আমির

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন।

সোমবার বিকেল পাঁচটায় কাতারের আমিরকে বহনকারী উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাতারের আমরিকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

জ্বালানি সমৃদ্ধ দেশটির রাষ্ট্রপ্রধানের এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর।

কাতারের আমিরের ঢাকা সফরের সময়ে ১১টি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে বলে রোববার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

১১টি দলিলের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি, ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

সফরের তাৎপর্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত আছেন। যেহেতু কাতার জ্বালানি সমৃদ্ধ দেশ, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এই সফর গুরুত্বপূর্ণ।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। পরে রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকের কথা রয়েছে। এ সময় চুক্তি ও সমঝোতাগুলো সই হবে।

কাতারের আমিরের সম্মানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশীর বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। মঙ্গলবার তিনি নিজেই এই পার্ক ও সড়ক উদ্বোধন করবেন।

সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় কাতারের আমির ঢাকা ছাড়বেন।

ট্যাগ: