সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর ডেমরায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অছিম পরিবহনের বাস জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ও মিরপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সাব্বির আহমেদ (২৬)। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার জিকরা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি ডেমরার আতিক মার্কেট এলাকায় থাকতেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের চাচাতো ভাই মো. রনি আহমেদ জানান, সাব্বির পেশায় মিনি কাভার্ড ভ্যানচালক। আজ সকালে তিনি ডেমরা এলাকা থেকে কাভার্ড ভ্যানে সুতা নিয়ে নবাই বাগের দিকে যাচ্ছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার ও মিরপাড়ার মাঝামাঝি সড়কে অছিম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে ডেমরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ড ভ্যানের দরজা কেটে তাকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে বের করে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, স্টাফ কোয়ার্টার রামপুরা পর্যন্ত সড়কটি অত্যন্ত বিপজ্জনক। এক লেনের সড়কটি দিয়ে যাত্রীবাহী বাসসহ অসংখ্য মালবাহী যান চলাচল করে। যানজট লাগলেই কিছু চালক উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালান। এর ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার এএসআই রেজাউল করিম বলেন, ‘নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অছিম পরিবহনের বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।’










