সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে গুদাম সক্ষমতা বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্থাটির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে পণ্য সংরক্ষণের সক্ষমতা প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত হতে পারে।
বর্তমানে এ সক্ষমতা ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন।
এ লক্ষ্যে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়া ও নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর কথা রয়েছে। চেয়ারম্যানের ভাষ্য, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে চায় সংস্থাটি।
গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন মজুত বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে।
সমীক্ষা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে।
টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে রমজানের মতো মৌসুমে পণ্যের চাহিদা বাড়লে আগাম সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে। পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও বাড়তি মজুত কাজে আসবে।
এতে নিয়মিত ভর্তুকিমূল্যে বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনাও সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।










