সিল্কসিটিনিউজ ডেস্ক:
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং কর্মসংস্থান ও সামাজিক রূপান্তরের ক্ষেত্রে সামাজিক ব্যবসা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
সম্প্রতি ইতালির রোমে ইফাদের সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদানকালে সংস্থার প্রেসিডেন্ট ড. আলভারো ল্যারিওর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এ কথা বলেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
স্থায়ী প্রতিনিধি বলেন, ইফাদের অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুব সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হলে তা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভীষ্ট অর্জনে সহায়ক হবে। রাষ্ট্রদূত টেকসই গ্রামীণ কৃষি অবকাঠামো বিনির্মাণ, কৃষি পণ্যের সুষম ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণা ইফাদের কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন।









