বিজ্ঞান ও প্রযুক্তি

ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাবে অ্যাপ

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ট্রেনের টিকিট কাটতে এবং মূল্য পরিশোধে অ্যাপ আনছে রেলওয়ে। যার মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বুধবার রেল ভবনে রেল মন্ত্রণালয় এবং তথ্যপ্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় জনবান্ধব ইন্টিগ্রেটেড রেলওয়ে ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম ও মোবাইল অ্যাপ তৈরির প্রস্তাব তোলা হয়। এ প্রস্তাব দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, বর্তমানে রেলওয়ের অনেক সেবাই অনলাইন ও এসএমএসের মাধ্যমে মিলছে। এখন প্রস্তাবিত এ প্লাটফর্ম ও অ্যাপ তৈরি হলে রেলের সব সেবা এক প্লাটফর্মে পাওয়া যাবে।

তিনি পলকের প্রস্তাবিত ব্যবস্থাটি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সব ধরনের সহযোগিতা করার কথা বলেন।

সভায় উত্থাপিত প্রস্তাবের প্রস্তাবনায় বলা হয়, ইন্টিগ্রেটেড রেলওয়ে অ্যাপ তৈরি হলে সাধারণ নাগরিকরা মোবাইল ফোন থেকেই ট্রেনের সিট বাছাই, সিট বুকিং ও টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

এছাড়া স্টেশন, ট্রেনের অবস্থান, গন্তব্যের দূরত্ব ও লোকাল ট্রান্সপোর্ট সেবার সঙ্গে সহজেই যুক্ত হওয়া যাবে। বিভিন্ন অভিযোগও দেয়া যাবে, নিরাপত্তা সেবার জন্য যোগাযোগ করা যাবে।