সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে ছয় মুসলিম-প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির তীব্র সমালোচনা করেছে হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি (এইচআইএএস) নামক একটি ইহুদি মানবাধিকার সংগঠন।

বিশ্বব্যাপী শরণার্থীদের সমর্থনে কাজ করা এইচআইএএস-এর প্রেসিডেন্ট মার্ক হেটফিল্ড জানিয়েছেন, “নিরীহ পরিবারগুলোকে বিপদের মুখে ফেলে দিয়ে কোনও সরকারের বিরুদ্ধে নিরাপত্তার অযুহাতে নিষেধাজ্ঞা জারি করলে, সেখানে ‘সাময়িক’ বলে কিছু থাকে না। বরং যুক্তরাষ্ট্রের উচিত শরণার্থীদের গ্রহণের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা।”
তিনি আরও বলেন, ‘মার্কিন ইহুদি সম্প্রদায় আমাদের জাতীয় মূল্যবোধ অনুযায়ী শরণার্থীদের স্বাগত জানিয়ে আসছে। এই মূল্যবোধের লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য নয়। শরণার্থীদের পক্ষে আমরা সব রকম লড়াই চালিয়ে যাব।’
উল্লেখ্য, সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসারে নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’র ঘোষণা দেওয়া হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও আইনমন্ত্রী জেফ সেশনস।
নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
ট্রাম্পের জারি করা নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১৬ মার্চ থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।
প্রসঙ্গত, ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










