সদ্য প্রকাশিত
খেলা

জুড বেলিংহাম: ইংল্যান্ডের নতুন আশার আলো

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৬৩ মিনিট পড়া
জুড বেলিংহাম: ইংল্যান্ডের নতুন আশার আলো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চে কেউ গোল করে, কেউ ট্রফি জিতে কিংবদন্তি। কেউ আছেন বল পায়ে পুরো ম্যাচের গল্প বদলে দেন। জুড বেলিংহামের ছোঁয়ায় বদলে যায় দলের ছন্দ, সতীর্থদের আত্মবিশ্বাস আর সমর্থকদের স্বপ্ন। মাত্র ২৩ বছর বয়সেই তাকে ঘিরে ইংল্যান্ডের কোটি সমর্থক নতুন ইতিহাসের স্বপ্ন দেখছে।

ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া বেলিংহামের ফুটবলযাত্রা শুরু স্থানীয় ক্লাব বার্মিংহাম সিটিতে। খুব অল্প বয়সেই তার প্রতিভা সবাইকে মুগ্ধ করে। মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে।

এরপর জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডে পাড়ি। বল নিয়ন্ত্রণ, পাস, ট্যাকল এবং আক্রমণ গড়ার দক্ষতা তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। সেই পারফরম্যান্সই তার জন্য খুলে দেয় বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের দরজা। স্পেনের রাজধানীতে গিয়ে তিনি আরও উজ্জ্বল হয়ে ওঠেন।

বেলিংহাম শুধু একজন মিডফিল্ডার নন, প্রয়োজনে ডিফেন্সে নেমে প্রতিপক্ষের আক্রমণ থামান, আবার মুহূর্তেই আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করেন। কখনো নিজেই গোল করেন, কখনো সতীর্থকে করান। তাই তাকে অনেকেই আধুনিক ফুটবলের ‘সম্পূর্ণ মিডফিল্ডার’ বলে আখ্যা দেন।

চলতি বিশ্বকাপেও সেই পরিণত বেলিংহামকে দেখছে ফুটবলবিশ্ব। গ্রুপ পর্ব থেকেই তিনি ছিলেন ইংল্যান্ডের মাঝমাঠের প্রাণ। বলের দখল ধরে রাখা, আক্রমণের গতি বাড়ানো এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি ছিল তার অসাধারণ নৈপুণ্য।

শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে নিজের সেরা ঝলক দেখান। রুদ্ধশ্বাস ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন এই মিডফিল্ডার। তার দুই গোলই শুধু স্কোরলাইন বদলায়নি, বদলে দিয়েছে পুরো ম্যাচের গতিপথ। কঠিন লড়াই পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে বেলিংহামের অবদান ছিল সবচেয়ে বড়।

ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকেই সব সময় এগিয়ে রাখেন তিনি। ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শিরোপা জিততে চাই, তাহলে প্রতিটি ম্যাচে নিজেদের আরও ভালো হয়ে মাঠে নামতে হবে।’

বেলিংহাম বিশ্বাস করেন, প্রতিভা দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কঠোর পরিশ্রমই সেখানে টিকিয়ে রাখে। কোচদের কাছেও তিনি পরিচিত একজন নিবেদিতপ্রাণ ফুটবলার হিসেবে।

মাঠের বাইরে বেলিংহাম শান্ত, বিনয়ী এবং পরিবারের প্রতি ভীষণ অনুরাগী। বাবা-মায়ের অবদান তিনি সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ছোট ভাই জোব বেলিংহামও পেশাদার ফুটবলার। দুই ভাইকে নিয়েই ইংলিশ ফুটবলে নতুন এক অধ্যায়ের স্বপ্ন দেখছেন সমর্থকেরা।

ইংল্যান্ড বহু বছর ধরেই এমন একজন মিডফিল্ডারের অপেক্ষায় ছিল। একই সঙ্গে ম্যাচ নিয়ন্ত্রণ, গোল, নেতৃত্ব দেবেন। ইংল্যান্ড পেয়ে গেছে জুড বেলিংহামকে।

বিশ্বকাপ এখনও শেষ হয়নি। সামনে আরও কঠিন পথ। কিন্তু এ পর্যন্ত যা দেখিয়েছেন, তাতে বেলিংহাম শুধু ইংল্যান্ডের নন, বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। তার প্রতিটি দৌড়, প্রতিটি পাস আর প্রতিটি গোল যেন একটাই বার্তা দেয়—বয়স নয়, সাহস আর সামর্থ্যই একজন ফুটবলারের প্রকৃত পরিচয়।

হয়ত আগামী কয়েক বছর পর বিশ্ব ফুটবলের ইতিহাস লেখা হবে নতুন করে। সেখানে যদি ইংল্যান্ড আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়, সেই গল্পের কেন্দ্রে জুড বেলিংহামের নামটি থাকলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ কিছু ফুটবলার শুধু ম্যাচ জেতেন না, তারা একটি জাতির স্বপ্নকে বাঁচিয়ে রাখেন। জুড বেলিংহাম ঠিক তেমনই একজন।