সদ্য প্রকাশিত
খেলা

জাপানের আশ্বাস এশিয়ান গেমসে ক্রিকেটাররাই সবচেয়ে ভালো সুযোগ-সুবিধা পাবেন

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
জাপানের আশ্বাস এশিয়ান গেমসে ক্রিকেটাররাই সবচেয়ে ভালো সুযোগ-সুবিধা পাবেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া শঙ্কা অনেকটাই কেটেছে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ) জানিয়েছে, অন্য খেলার অ্যাথলেটদের তুলনায় ক্রিকেটারদের জন্য ভালো থাকার ব্যবস্থা করা হবে।

অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলোকে হোটেলে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। চাইলে দলগুলো নিজেদের মতো করেও থাকার ব্যবস্থা করতে পারবে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি ও নাগোয়ায় শুরু হবে ২০তম এশিয়ান গেমস। ক্রিকেট ইভেন্ট হবে কোরোগি স্পোর্টস পার্কে।

তবে গেমসে কোনো নির্দিষ্ট অ্যাথলেট ভিলেজ থাকছে না। খেলোয়াড়দের থাকার জন্য ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কনটেইনার ও হোটেল ব্যবহার করা হচ্ছে।
এশিয়ান গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজার হওয়ায় আবাসন নিয়ে চাপ তৈরি হয়েছিল। এ নিয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ক্রিকেট বোর্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান উদ্বেগ জানিয়েছিল।

মাঠে খেলোয়াড়দের ড্রেসিংরুম হিসেবে তাঁবু এবং দূরে টয়লেট থাকার খবরও এসেছিল।
JAPAN CEO
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাওকি অ্যালেক্স মিয়াজি। ছবি: সংগৃহীত
তবে জেসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নাওকি অ্যালেক্স মিয়াজি এসব উদ্বেগ অনেকটাই দূর করেছেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই সবচেয়ে ভালোমানের খেলার মাঠ ও পরিবেশ দেখা যাবে।’

আয়োজনের প্রস্তুতির সময়ের সীমাবদ্ধতা নিয়ে মিয়াজি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, করা হয়েছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে।

’
বড় আয়োজনের আগে উদ্বেগ থাকা স্বাভাবিক ব্যাপার হিসেবেই দেখছেন মিয়াজি। জাপানে ক্রিকেটের প্রসার নিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্ট সফল করতে এবং জাপানে ক্রিকেটের প্রতি নতুন দর্শক আকৃষ্ট করতে আমরা আয়োজক কমিটি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সহযোগিতা করব।’

মিয়াজি জানান, এশিয়ান গেমসের ক্রিকেট আয়োজনের জন্য আয়োজকদের হাতে ছিল মাত্র ১৭ মাস। আইচি অঞ্চলে উপযুক্ত মানের ক্রিকেট মাঠও ছিল না। তাই অনেকটা শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে।

কোরোগি স্পোর্টস পার্কে তৈরি করা হয়েছে পূর্ণ আকারের মাঠ। সেখানে টার্ফ ও হাইব্রিড পিচ থাকবে। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামের অভিজ্ঞ কিউরেটরও পিচ তৈরির কাজে যুক্ত আছেন।

খেলোয়াড়দের জন্য মাঠের পাশে অস্থায়ী ও স্থায়ী—দুই ধরনের সুবিধা থাকবে। খেলোয়াড়দের কাছাকাছি পর্যাপ্ত টয়লেটও রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মিয়াজি।

কোরোগি স্পোর্টস পার্কে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস ক্রিকেট হওয়ার কথা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।