সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতিসংঘ বাংলা ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আজ সময়ের দাবি বলে মন্তব্য করেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বর্তমান বিএনএ জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে বাঙালির প্রাণের দাবি : বাংলা হোক জাতিসংঘের দাপ্তরিক ভাষা’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে নাজমুল হুদা এসব কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, ভাষাভাষীর দিক থেকে ‘বাংলা’ বিশ্বের পঞ্চম সংখ্যাগরিষ্ঠ ভাষা। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রেই অর্জিত হয়েছে বাংলা ভাষার মর্যাদা। ২১ ফেব্রুয়ারি জাতিসংঘ স্বীকৃত ‘বাংলা ভাষা’ আন্তর্জাতিক মাতৃভাষার গৌরব অর্জন করে। তাই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার জোর দাবি জানান বক্তারা। সমাবেশের আয়োজন করে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ব বাংলাসাহিত্য পরিষদ, জাগো বাঙালি ও কেএসপি।
সূত্র: এনটিভি









