নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপির আমলে রাজশাহীতে বাংলা ভাই ও জঙ্গির উদ্ভব হয়েছে। এখন বিএনপি-জামায়াত জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। এভাবে সোনার বাংলাকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই নিবেদিত। জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে ওঠেছে সারাদেশ।

আজ শনিবার বিকেলে ৫টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) আ’লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস স্মরণে জঙ্গিবাদ ও সস্ত্রাসবাদ নির্মূলের অঙ্গিকারে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে রাজাকাররা দেশের ইতিহাস বদলে দিতে চেয়েছিল। দেশের ওপর এতো জুলুম ও অশান্তি কেন? আমরা শান্তিপ্রিয় জাতি। কেন আক্রমণ করা হচ্ছে। কারণ দেশের মাটি ও সম্পদের লোভে। দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়েছে। বাংলার মাটিতে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিদের খবরদারি আর মেনে নেবো না। দেশের ভালো ও মন্দ আমরাই বুঝবো। বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সঙ্গে আপস করার শিক্ষা দেন নি। আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে আপস করবো না।
বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এছাড়া্ও বোয়ালিয়া থানা পশ্চিম আ’লীগের সভাপতি আবদুস সালাম, পূর্ব আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও পশ্চিম আ’লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নওশের আলী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
স/অ









