নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার আসামি নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে থাকা মিন্টু নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাকিলের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী ও ঢাকায় চিকিৎসা দেওয়া হলেও ২৬ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।









