সিল্কসিটিনিউজ ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ গোলবন্যায় ভেসেছে। গতকাল (মঙ্গলবার) রাতে পার্ক দে প্রিন্সেসে ৫-৪ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। প্রথমার্ধেই হয়েছিল পাঁচ গোল, পরের অর্ধে আরও দুটি। গোলের পর গোলে বেশ কিছু রেকর্ড হয়েছে এই ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বাধিক স্কোরের ম্যাচ ছিল এটি। উপামেকানো ম্যাচের অষ্টম গোল করলে এই রেকর্ড হয়, পরে দিয়াজ সেই সংখ্যা বাড়ান।

প্রথমার্ধে পাঁচ গোল হয়েছে। প্রতিযোগিতার সেমিফাইনাল কিংবা ফাইনালে যা সর্বোচ্চ।
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের ৮-২ গোলের জয় সবার উপরে।
নকআউট পর্বে এনিয়ে দ্বিতীয়বার দুই দলই চার গোল করেছে। সবশেষ ২০০৮ সালের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসি ও লিভারপুল ৪-৪ গোলে ড্র করেছিল।
দুই দলই চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ৪০টির বেশি গোল করেছে, যা প্রতিযোগিতার ইতিহাসে প্রথম।
চ্যাম্পিয়ন্স লিগে এনিয়ে তৃতীয়বার কোনো দল এক ম্যাচে চার গোল করেও হার দেখল।
এই মৌসুমে পিএসজি চারটি ভিন্ন ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করল। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের কীর্তিকে ছুঁয়েছে তারা।
স্বাগতিকরা তাদের লক্ষ্যে নেওয়া পাঁচ শটের সবগুলোতে গোল পেয়েছে। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে কোনো দল লক্ষ্যে পাঁচ বা বেশি শট লক্ষ্যে রেখে সবগুলোতে গোল পেল।
ফ্রান্সের রাজধানীতে এসে কভারাতস্খেলিয়া ২৩টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ২০টি গোলে অবদান রাখল (১৩ গোল, সাত অ্যাসিস্ট)। কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
হ্যারি কেইন এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৪তম গোল করলেন। ২০১৯-২০ মৌসুমে (৫৫) বায়ার্নের তৎকালীন তারকা রবার্ট লেভান্ডভস্কির পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোল করলেন।
এনিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচ গোল করলেন কেইন। এই কীর্তিতে ইংলিশ ফুটবলার হিসেবে লিভারপুলের স্টিভেন জেরার্ডের পাশে বসলেন তিনি।
প্রতিযোগিতার ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল হজম করল বায়ার্ন। ১৯৯৪-৯৫ সেমিফাইনালে আয়াক্সের কাছে ৫-২ গোলে হেরেছিল তারা।
১৯৭৩ সালের পর প্রথমবার বুন্দেসলিগা ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ গোল খেল। ওইবার তারা শিরোপাও জিতেছিল।










