সিল্কসিটিনিউজ ডেস্ক:
হারের বৃত্ত থেকে বের হয়েছে বাংলাদেশ। তবে জয়ের হাসি হাসতে পারেননি আমিরুল ইসলাম-আশরাফুল ইসলামরা।
এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে টানা চার হারের স্বাদ পাওয়া বাংলাদেশ চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।
আজ পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে চীনকে লিড এনে দেন চেন বেনহাই।

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ম্যাচের ৩৮ মিনিটে স্বস্তি পায়।
পেনাল্টি স্ট্রোক থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। পরে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় লড়াই। তাতে পয়েন্ট পাওয়ার অপেক্ষা ফুরায় বাংলাদেশের।
এর আগে ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ।
ফিরতি ম্যাচে জাপানের কাছে হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। ১-০ গোলের হার তাই বলে।
তৃতীয় ম্যাচে আবার গোলবন্যায় ভাসে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৬-১ ব্যবধানে হেরে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের হার দেখে।









