সিল্কসিটিনিউজ ডেস্ক:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জয়রথ যেন থামছেই না। নিজেদের অপ্রতিরোধ্যতা ধরে রেখে এবিজি ইউনিভার্সিটি কাপের প্রথম সেমিফাইনালে সোনারগাঁওকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ড্যাফোডিল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়েছে ডিআইইউ।

সোমবার (২ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ড্যাফোডিল-সোনারগাঁও। প্রধমার্ধে দুই দলের জমাট রক্ষণে পরাস্ত হয়ে গোলের গোলের দেখা মেলে না কোনো দলের। তাই গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে চিত্র পুরো পাল্টে যায় খেলার। দুই দলই গোল দিতে মরিয়া হয়ে উঠে। শেষতক ম্যাচের ৬০ মিনিটে সোনারগাঁওয়ের ডেডলক ভেঙে গোলের সূচনা করেন সালিসো। ড্যাফোডিলের এই বিদেশি শিক্ষার্থীর গোলে উল্লাসে মেতে উঠেন তাদের সমর্থকরা।
ম্যাচের শেষ মিনিটে জুয়েলের পেনাল্টি থেকে গোলে সোনারগাঁওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ড্যাফোডিল। এতে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।









