লাইফ স্টাইল

চিপস খেয়েও থাকবেন ফিট! বাড়িতেই যেভাবে তৈরি করবেন

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অনেকেরেই চিপস দেখলে হাত আর মুখ দুটোই নিশপিশ করতে থাকে। সিনেমা-সিরিজ দেখতে দেখতে, অফিস হোক বা ওয়ার্ক ফ্রম হোমের ফাঁকে সুস্বাদু চিপস খেতে কার না ভালো লাগে! ছোট হোক আর বড়—প্যাকেট খুললে নিমেষেই শেষ!

তবে চিপস বেশি খাওয়া মানেই জাঙ্ক ফুডের চক্করে পেটের বারোটা বাজানো! কেউ কেউ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আর জাঙ্ক ফুডের দিকে চোখ দেবেন না।

তাই বাড়িতেই টুকিটাকি দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন সাধের চিপসের স্বাস্থ্যকর সংস্করণ। স্বাদও হলো, ফিটও থাকলেন! রইল তেমনই কিছু ঘরোয়া ও স্বাস্থ্যকর চিপসের হদিস, যা বানিয়ে ফেলা যাবে সহজেই।

চলুন জেনে নেওয়া যাক—

বেকড পটেটো চিপস

চিপস বললেই যার কথা প্রথম মাথায় আসে, সেই সাধের পটেটো চিপস বানিয়ে ফেলুন বাড়িতেই। তবে ডুবো তেলে না ভেজে বেক করুন। একেবারে পাতলা স্লাইস করে আলু কেটে, লবণ, গোলমরিচ, অরিগ্যানো মাখিয়ে লো হিটে বেক করে নিন মাইক্রোওয়েভ বা ওটিজিতে। চিপস তৈরির পরে বাড়তি ফ্লেভার চাইলে বারবিকিউ সিজনিং দিতে পারেন।

এয়ারফ্রায়ার পটেটো চিপস

স্বাস্থ্যকর পটেটো চিপস তৈরিতে এয়ারফ্রায়ারের জুড়ি নেই। একেবারে পাতলা স্লাইসে আলু কেটে নিন। এবার এক টেবল চামচ তেলের খানিকটা আলুর স্লাইসের গায়ে মাখিয়ে নিন আলতো করে। বাকিটা ব্রাশ করুন এয়ার ফ্রায়ারের বাস্কেটের গায়ে।

এবার কম তাপে ব্যাচে ব্যাচে এয়ার ফ্রায়ারে ভেজে নিলেই হবে। খেয়াল রাখবেন প্রতিটা স্লাইসের গায়ে হাওয়া চলাচলের মতো জায়গা যেন বাস্কেটে থাকে।

সবজি খোসার চিপস

বাড়িতে সবজি কাটার সময়ে খোসাগুলো ফেলে দেবেন না। ধুয়ে, লেবুর রস মাখিয়ে রেখে দিন ফ্রিজে। বেশ খানিকটা খোসা জমে গেলে বের করে, লবণ মসলা মাখিয়ে একেবারে অল্প তেলে নাড়াচাড়া করে নিতে পারেন।

তবে দেখবেন স্লাইসগুলো যেন পাকিয়ে না যায়। অথবা লো হিটে এয়ারফ্রায়ারেও ভেজে নিতে পারেন। আলু, মিষ্টি আলু, বিট, গাজর, লাউ, পটল—যেকোনো সবজির খোসা দিয়েই এভাবে চিপস বানিয়ে নিতে পারেন।

সবজির চিপস

শুধু খোসা নয়, বিভিন্ন সবজির স্লাইস দিয়েও দিব্যি তৈরি হয়ে যায় স্বাস্থ্যকর চিপস। আলু, মিষ্টি আলু, বিট, গাজর, লাউ, ঝিঙে, স্কোয়াশ, কুমড়া বা বেগুনের মতো যে কোনো সবজি একেবারে পাতলা স্লাইসে কেটে নিন। ধুয়ে, পানি ঝরিয়ে, লেবুর রস, লবণ ও পছন্দের মসলা মাখিয়ে নিন।

এবার একেবারে অল্প তেলে ভেজে নেওয়া বা লো হিটে বেক করে নেওয়া, যেটা খুশি করলেই হবে। চাইলে একাধিক সবজি একসঙ্গে নিয়ে অ্যাসোর্টেড চিপসও বানাতে পারেন। বেশ রঙিন দেখাবে প্লেটটা!

নারকেলের চিপস

পাতলা করে নারকেল শাঁসের স্লাইস কেটে নিন। এবার কম তাপমাত্রায় মাইক্রো ওভেন বা ওটিজিতে বেক করলে তা শুকনা আর কুড়মুড়ে হয়ে উঠবে। এবার লবণ আর গোল মরিচ বা ভাজা মসলা ছড়িয়ে নিলেই হবে!

কলার চিপস

শক্তপোক্ত কাঁচকলা পাতলা স্লাইসে কেটে নিন। পানিতে একটু ভিজিয়ে রাখলে তা কালো হবে না। এবার পানি ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিন। অল্প তেলে নাড়াচাড়া করে ভাজুন। খেয়াল রাখবেন যেন স্লাইসগুলো একটার সঙ্গে অন্যটা না লেগে যায়। এবার লবণ, গোলমরিচ, মরিচের গুঁড়া মাখিয়ে নিলেই রেডি!

আপেলের চিপস

কে বলেছে চিপস মানে নোনতাই হতে হবে শুধু! আপেল ভালো করে ধুয়ে একেবারে পাতলা স্লাইস করে কেটে নিন। লো হিটে মাইক্রোওয়েভে ঘণ্টাখানেক বেক করলেই আপেলের স্লাইস শুকনা আর মুচমুচে হয়ে উঠবে। বের করে এনে চিনি আর দারচিনির গুঁড়া মাখিয়ে নিন তাতে। চাইলে চিনি বা দারচিনি না-ও দিতে পারেন।

দোকানের ভাজা চিপস মানেই গাদা গাদা ক্যালরি ঠাসা তাতে। এর পরিবর্তে ঘরে তৈরি হরেক রকম চিপসে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই কম। ফলে ক্যালরিও কম। আর সুস্বাদু তো বটেই। রান্নাঘরে অল্পস্বল্প মজুত রাখুন টমেটো, ট্যামারিন্ড বা সালসা সস কিংবা মেয়োনিজ। তবেই মুচমুচে বাহারি চিপসে জমে যাবে আড্ডা কিংবা সিরিজ দেখার সন্ধ্যা।

সূত্র : আজকাল