চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে রাতের অন্ধকারে অবৈধভাবে সার পাচারের সময় স্থানীয় জনতা ৪০ বস্তা সারসহ একটি চালান আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ডাকরা এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (চলতি দায়িত্ব) রাহাতুল করিম মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উত্তেজিত জনতা সংশ্লিষ্ট সার ডিলারের কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে কৃত্রিম সার সংকট তৈরি করে কৃষকদের সার সরবরাহ না করার অভিযোগে বিতর্কিত ছিলেন। অথচ গোপনে তিনি অধিক মুনাফার আশায় রাতের আধারে অন্য উপজেলায় সার পাচার করে আসছিলেন।
বৃহস্পতিবার গভীর রাতে ব্যাটারিচালিত দুটি অটোতে করে ৪০ বস্তা সার পাচারের সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সারসহ অটো দুটি আটক করে। তবে ডিলার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরদিন শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সার পাচারের দায়ে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।









