চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশী অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহিন পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ১২টায় বুধবার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর যৌথ অভিযানে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান ও বিজিবির আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমানের যৌথ নেতৃত্বাধীন একটি টহল দল ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিক বিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক আরো বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।