চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার যাবজ্জীবন

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নজরুল ইসলাম ওরফে সুজন (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত ডিসেম্বরে আলাদা একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তির পর তিনি লাপাত্তা। তার অনুপস্থিতিতে রোববার বিকেলে মাদক মামলার রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লায় সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। বাড়ি থেকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল সুজনকেও।

ওই ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করলেন বলেও জানান আইনজীবি মিজানুর রহমান।