চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রায় এক মাস পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের জনগনের জন্য সরকারী উপহার হিসেবে দেয়া চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানার উপস্থিতিতে পুলিশ ও আনসার-ভিডিপির পাহারায় বিতরণ করা হয় এই চাল। তবে বিতরণে ইউনিয়নের কোনো নির্বাচিত সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বসবাসকারীদের জন্য ঈদুল আযহার আগেই সরকারীভাবে ঈদ উপহার হিসেবে বরাদ্দ করা হয় ভিজিএফ চাল। কিন্তু ঈদের আগে ১২টি ইউনিয়নে চাল বিতরণ করা হলেও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহীদ রানা টিপু চারটি হত্যা মামলার আসামি হয়ে পলাতক থাকার কারণে ইউপি সদস্যরা এই চাল বিতরণে গরিমসি করেন।

এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাসিরুল ইসলাম অভিযোগ করে বলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান শাহীদ রানা টিপু পলাতক থাকায় আমরা সদস্যরা ঈদের উপহার চাল ঈদের আগে বিতরণ করতে পারিনি। কিন্তু তাই বলে প্যানেল চেয়ারম্যান ও আমাদের কাউকে না জানিয়েই কাগজপত্র ছাড়াই চাল বিতরণ করা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের অবজ্ঞা ও অপমান করা হয়েছে।
চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তারা আরো বলেন, কারা কখন কিভাবে তালিকা করেছে তা আমরা ইউপি সদস্যরা জানিনা। দুপুরে যখন চাল বিতরণ করা হয় তখন একই পরিবারের একাধিক ব্যক্তি এবং সচ্ছল ব্যক্তিরাও চাল পেয়েছেন। ফলে চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। আর তাই পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের চাল বিতরণের দায়িত্ব দেয়া হয়।
তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় এবং সদস্যরা বিভক্ত অবস্থানে থাকায় তালিকা জমা দেয়া সম্ভব হয়নি। পরে ইউএনও’র নির্দেশে গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা তৈরি করে এসিল্যান্ড এসে চাল বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা বলেন, ঈদের আগে তালিকা না পাওয়ায় চাল বিতরণ সম্ভব হয়নি। পরে ৩ হাজার ৮৩৪ জন সুবিধাভোগীর মাঝে পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম বলেন, তালিকা না দেয়ার কারণে এবং চেয়ারম্যান অনুপস্থিত থাকায় উপজেলা মানবিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম পুলিশের তালিকা অনুসারে চাল বিতরণ করা হয়েছে। আর যেসব সদস্য এই ভালো কাজের বিরোধীতা করে মন্তব্য করছেন আমরা তাদেরও মানবিক এই কাজে সহযোগীতা করার আহŸান জানাচ্ছি।









