ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি অটো রাইস মিলের ফোরম্যানকে অপহরনের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার আতাহার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আশিক, সজিব, হযরত আলী, নাহিদ ও মিলন।
শনিবার দুপুরে নবাবগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, ১০ জনের একটি সংঘবদ্ধ দল শুক্রবার রাত প্রায় সোয়া ৯টার দিকে, আতাহার এলাকায় অবস্থিত ভাই ভাই অটো রাইস মিলের ফোরম্যান সোহেলকে অপহরণ করার জন্য মিলের সামনে দেশীয় অস্ত্রসহ তারা জমায়েত হয়।

এ সময় সোহেলকে অপহরণের পূর্বেই মিলের দারোয়ানের চিৎকারে আশেপাশের লোকজন তাদের ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করে। এ সময় পালিয়ে যায় আরো ৫ জন ।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
স/শ









