সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন: যদি কোনো ব্যক্তি ঘুস দিয়ে চাকরি নেয় তাহলে সে চাকরি থেকে যে বেতন পাবে তা তার জন্য হালাল হবে না কি হারাম? কুরআন-হাদিস দ্বারা সমাধান দিলে কৃতজ্ঞ হব।
উত্তর: ঘুস দেওয়া-নেওয়া হারাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুসদাতা ও গ্রহিতাকে অভিসম্পাত করেছেন। (জামে তিরমিযী, হাদিস ১৩৩৭)

তাই ঘুস দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে না। এতে একদিকে ঘুস প্রদানের কবীরা গুনাহ হয়,অন্যদিকে ঘুসদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়। তাই এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য।
কেউ যদি কারো কোনো হক (অধিকার) নষ্ট করে, ক্ষতি করে বা অধিকারভুক্ত কোনো কিছু ছিনিয়ে নেয় এবং ঘুস ছাড়া সেই হক ফিরিয়ে দিতে অথবা ক্ষতি করা থেকে বিরত থাকতে অস্বীকার করে, তাহলে ওই একান্ত অপারগ মাজলুম ব্যক্তির জন্য নিজের অধিকার রক্ষার্থে জালিমকে টাকা বা সম্পদ দেওয়া বৈধ। তবে ওই জালিমের জন্য তা গ্রহণ করা হারাম হবে।
চাকরি পাওয়ার আগেই সে চাকরির নির্ধারিত পদ, বেতন ইত্যাদির ওপরে চাকরিপ্রার্থীর হক বা অধিকার সাব্যস্ত হয় না বরং চাকরির জন্য নির্বাচিত হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে সেগুলো তার অধিকারভুক্ত হয়।
সূত্র: যুগান্তর









