সিল্কসিটিনিউজ ডেস্ক:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডে এলাকায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মিতার স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সাইফুল ইসলামের পুত্রবধূ মিতাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ কারণে মিতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।









