নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে ট্রাকের ধাক্কায় আতাউর রহমান সাগর (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে। শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, শুক্রবার সকালে মহিশালবাড়ী বাজার থেকে সাইকেল চালিয়ে জমিতে যাচ্ছিলেন সাগর।

সিএন্ডবি মোড় এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ট্রাকটি উদ্ধার করে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।
স/মি









