নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক মিছিলে দুর্বৃত্তদের ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরই মাঝে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে একটি মিছিলের আয়োজন করেন। মিছিল চলাকালে কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে একদল ব্যক্তি সেখানে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলে অংশ নেওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে স্থানীয় পোটান এলাকার শামীম নামের এক ব্যক্তিকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









