সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের পর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।









