রাজশাহী

গণসংগীত গেয়ে রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচারের দাবি করল সহপাঠীরা

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার ঘটনায় বিচার দাবিতে বিভাগের সাতদিনের আল্টিমেটাম চলছে। তাই কঠোর আন্দোলনে যাননি শিক্ষার্থীরা। কিন্তু থেমে নেই আন্দোলন-প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাটকের পর এবার গণসংগীত করে লিপু হত্যার বিচার দাবি করলো শিক্ষার্থীরা।

 
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের সামনে লিপু চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে একাত্ত্বতা প্রকাশ করেন। এসময় বিভিন্ন ধরনের প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।

 
গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। গত ২৬ অক্টোবর মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।

 
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান সিল্কসিটি নিউজকে বলেন, ‘তদন্তে ভালো অগ্রগতি হয়েছে। রিমান্ডে লিপুর রুমমেট মনিরুলের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে, তা দিয়ে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব বলে ধারণা করছি।’

স/অ