নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবিতে ভারত সরকারকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সম্প্রতি ভারতীয় পানি বিশেষঙ্গ দলের প্রকল্প এলাকা পরিদর্শন করায় তাদের কৃতজ্ঞতা জানাতে সোমবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের কাছে পরিষদের একটি প্রতিনিধি দল সাক্ষাত করে স্মারকলিপি পেশ করেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের দেয়া স্বারকলিপিতে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার প্রতিও দৃষ্টি আকর্ষণ করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দিল্লীতে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, ভারতের সহযোগীতায় দ্রুত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন আলোক মুখ দেখবে। এজন্য বাংলাদেশ ও ভারত সরকারের দৃষ্টিও আকর্ষণ করা হয়।
এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টপাধ্যয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের পথে। ইতিমধ্যে ভারতীয় পানি বিশেষজ্ঞরা প্রকল্প এলাকা পরিদর্শণ করেছেন। তারা আশ্বাস দিয়েছেন আগামী বছরেই এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুই দেশকেই আন্তরিক হয়ে কাজ করতে হবে। তাহলে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সৃদুঢ হবে। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান উভয় দেশের সামাজিক সংগঠনের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার জন্য ভারতীয় সহকারী হাই কমিশনারের কাছে দাবি করেন। তিনি এ বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শান্ত কুমার মজুমদার, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
স্মারকলিপিতে ভারতের সঙ্গে বাংলাদেশের ১৯৯৬ সালে সাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুৃক্তিতে বাংলাদেশের প্রাপ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে এ অগ্রগতি কামনা করা হয়।
স্মরকলিপিতে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী ২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে। তা নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষের জন্য জীবীকার প্রসার ও জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধন হবে। বৃহত্তর কুস্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা এবং রাজশাহী জেলার গ্রস এলাকার জীবনযাত্রার চিত্র পাল্টে যাবে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের চাষযোগ্য ১৯ লক্ষ হেক্টর কৃষিজমির জন্য সেচের সু ব্যবস্থা নিশ্চিত হবে। ফলে কৃষি ফসল উৎপাদনে আরো সয়ংসম্পুর্ণতা অর্জন করা সম্ভব হবে। গঙ্গা নির্ভর নদীগুলোর প্রবাহ ও নাব্যতা বৃদ্ধি পাবে। শুস্ক মৌসুমে গড়াই, নবগঙ্গা, বড়াল, কপোতাক্ষ ইত্যাদির পানি প্রবাহ বৃদ্ধি পাবে। লবনাক্ততার মাত্রা কমে যাবে। জলবিদ্যুৎ উৎপাদন হবে। গঙ্গা নির্ভর এলাকায় গুরুত্বপূর্ণ বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্প সমুহের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস পাবে। এছাড়া সুন্দরবনের বনজ সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পটি আলোর মুখ দেখলে এলাকার মৎস্য সম্পদ সংরক্ষন প্রসারতা বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতীয় প্রতিনিধি দল গঙ্গা ব্যরাজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। ভারতীয় ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, দেশটির কেন্দ্রীয় পানি কশিশনের পরিচালক ও প্রধান প্রকৌশলী ভূপাল সিং, পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন এন্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের সচিব নবীন প্রকাশ, পানি সম্পদ মন্ত্রনালয়ের কমিশনার জে চন্দ্র শেখর আয়ার, সেন্ট্রার্ল ওয়াটার কমিশনের পরিচালক (হাইড্রোলজি) এনএন রায়, সেন্ট্রার্ল ওয়াটার কমিশনের পরিচালক আর আর সামভিরা, ডব্লিওএপিসিওএস লি. এর নির্বাহী পরিচালক অনুপম মিশ্র, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নিনাদ এস দেশডান্ডে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারী (বিএম) মিনি কুমাম।
এদিকে প্রকল্প এলাকা পরিদর্শনকালীন বাংলাদেশের ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাউবো অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকী।
স/অ










