লাইফ স্টাইল

খুশকি কমানোর জন্য কার্যকর ঘরোয়া সমাধান

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খুশকি শুধু অস্বস্তিকর নয়, বিরক্তিকরও বটে। যখন তখন মাথা চুলকানোর সমস্যা তো থাকেই, তার ওপর সেজেগুজে বাইরে যাওয়ার সময় যদি জামার ওপর সাদা গুঁড়ো বা খুশকির দাগ পড়ে, তখন তো সত্যিই অস্বস্তি তৈরি হয়। খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। বাজারে প্রচলিত তেল বা শ্যাম্পু যতই ব্যবহার করুন, সেগুলোর স্থায়ী সমাধান দিতে পারে না।

তবে, খুশকি দূর করতে চিকিৎসকের সাহায্য নেওয়া সঠিক উপায়। তবুও, কিছু ঘরোয়া উপাদান দিয়ে, মাত্র দুইটি উপকরণ দিয়েও এই সমস্যার সমাধান সম্ভব।
অ্যালোভেরা : এতে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং বি-১২। এ ছাড়া অ্যালোভেরাতে অ্যামালেজ ও ক্যাটালেজের মতো উৎসেচক এবং জিংক, কপার, সেলেনিয়ামের মতো খনিজ পদার্থও আছে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় এটি মাথার ত্বককে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং খুশকি দূর করতে সাহায্য করে। নতুন চুল গজাতে সহায়কও বটে।
লেবু: লেবুর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা খুশকি কমাতে সহায়তা করে। সাইট্রিক অ্যাসিড মৃত ত্বক কোষ দূর করতে সাহায্য করে এবং মাথার ত্বকের অতিরিক্ত তেল কমায়।

এ ছাড়াও, এটি পি-এইচ ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
কিভাবে ব্যবহার করবেন?
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল বা শাঁসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মাথায় ভালোভাবে মাখিয়ে মালিশ করুন। আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন।

সূত্র : আনন্দবাজার