সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়া পাড়ায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো জান্নাতুল নূরী (৯) ও তার ছোট ভাই মুহাম্মদ হাসান (৬)।

তারা টৈটং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান। নূরী টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও হাসান প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে তাদের মা ছকিনা বেগম দুই শিশু সন্তানকে নিয়ে পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। আজ রবিবার দুপুরে নূরী ও হাসান খালার বাড়ির উঠানে খেলছিল।

এসময় মা ও খালা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যায় পুকুরে। এরপর তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস মুহাম্মদ রুকুন উদ্দিন বলেন, ‘মূলত অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে পুকুরে পড়ে তারা প্রাণ হারায়। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।