সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। আগামীকাল রোববার সাকালে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন আহমেদ।
বিরাট কোহলির উইকেট নিতে চান কিনা প্রশ্ন করলে তাসকিন বলেন, ‘বিরাট কোহলির মতো একজন বিশ্বমানের ব্যাটসম্যানের উইকেট নিতে পারাটা সব সময়ই দারুণ কিছু। কোহলির উইকেট যদি পাই তাহলে আমার অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হবে। তবে আমার টার্গেট হবে ভারতের প্রত্যেক টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করা। অবশ্য ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই বিশ্বমানের।’

নিকট অতীতে ঘটে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার ক্রিকেট বৈরিতার বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমি আসলে কোনো প্রকার শত্রুতায় বিশ্বাস করি না। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরণের শত্রুতার বিষয়টি তৈরি করেছে।’
গেল বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। এরপর কঠোর পরিশ্রম করে বোলিং অ্যাকশন শুধরেছেন তাসকিন। তার বোলিং অ্যাকশনের বিষয়ে প্রশ্ন করা হলে তাসকিন বলেন, ‘আমি এখন খুবই আত্মবিশ্বাসী। এটা নিয়ে আমি এখনো কঠোর পরিশ্রম করছি। আমাদের কোচিং স্টাফরা বিশেষ করে কোর্টনি ওয়ালশ আমাকে সাপোর্ট দিচ্ছেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয় এসেও আমি আগের চেয়ে বেশি গতিতে বল করতে পারছি। বর্তমানে আমার বোলিং অ্যাকশন পুরোপুরি ঠিক আছে।’
এই টেস্টে নিজের টার্গেটের বিষয়ে তাসকিন বলেন, ‘যদি খেলার সুযোগ পাই তাহলে আমি আমার সেরাটা দিয়ে খেলব। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি স্পেল করার চেষ্টা করব।’
সূত্র: রাইজিংবিডি










