সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুরবানির পশু জবাই করার বিষয়ে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে তাঁর কুরবানির পশু জবাই করেছেন। এ হাদিসের আলোকে বিশেষজ্ঞ আলেমরা বলেন, কুরবানির পশু নিজ হাতে জবাই করাই উত্তম।
কুরবানির সময় কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, যেগুলো জানা অত্যন্ত সহজ। কিন্তু অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে নিজের কুরবানি নিজে করতে সাহস পান না। অথচ সুন্নাত অনুসরণ করে সঠিক নিয়মে পশু জবাই করা অনেক ফজিলতের কাজ। তাই প্রত্যেক মুসলমানের উচিত কুরবানির নিয়ম-পদ্ধতি ও দোয়া শিখে নেওয়া এবং সুযোগ থাকলে নিজ হাতে কুরবানি করা।

নিম্নে কুরবানির পশু জবাইয়ের নিয়মাবলী তুলে ধরা হল-
নিয়ম: পশু জবাই করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। যাতে জবাই করার সময় পশুর কষ্ট না হয়। হজরত শাদ্দাদ ইবনে আউস (রা.) বর্ণিত এক হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহতায়ালা সবকিছুর ওপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন। অতএব, তোমরা কাউকে (শরিয়ত মোতাবেক হদ বা কিসাস হিসেবে) হত্যা করবে, উত্তম পদ্ধতিতে করবে। যখন (পশু) জবাই করবে, উত্তম পদ্ধতিতে করবে এবং প্রত্যেকে তার ছুরিতে শান দিয়ে নেবে, যাতে জবাইকৃত পশুকে কষ্টে না ফেলে। সহিহ মুসলিম : ১৯৫৫
নিয়ম : ‘বিসমিল্লাহ’ বলে জবাই করা।
নিয়ম: পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী ভালোভাবে কাটা। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবাই বিশুদ্ধ হয়ে যায়।
নিয়ম : একটি পশুর সামনে অন্য পশুর জবাই না করা। পশুর সামনে ছুরি-চাকুতে ধার না দেওয়া। এতে পশু ভয় পায় এবং কষ্ট হয়। হাদিসে পশুকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে।
নিয়ম : পশুকে বাম কাতে শোয়ানোর পর পাগুলো পশ্চিম দিকে দেওয়া।
সূত্র: যুগান্তর









