রাজশাহী

কিছু মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনের আগে আগামী ডিসেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের প্রধানসহ শীর্ষ কয়েকজনের নামে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে। মার্চে তদন্তপ্রক্রিয়া শেষে এপ্রিলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের কেউ কেউ এখনো মনে করেন, তাদের বিচার করা সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার বিচারের রায় হয়ে গেলে তাদের লাফালাফি ও দম্ভ বন্ধ হবে। তখন প্রতিশোধ স্পৃহা কমে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

সোমবার দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশ নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু একজন মানুষকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, একটি পরিবারকে ক্ষমতায় রাখার জন্য বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় গ্রাউন্ডে যে পুলিশ গুলি করেছে সে তো কারো নির্দেশে গুলি করেছে। তাই তার আগে সেই প্রধানমন্ত্রীর বিচার করা হবে।’