সিল্কসিটিনিউজ ডেস্ক :
কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ ও উইন্ডসর শহরে মুসলিম শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন দুটি ইসলামিক স্কুলের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। উইন্ডসর ইসলামিক অ্যাসোসিয়েশনের (ডওঅ) তত্ত্বাবধানে গড়ে ওঠা আন-নুর প্রাইভেট স্কুল এবং উইন্ডসর ইসলামিক হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ডওঅ পরিচালনা পর্ষদ, সরকারি প্রতিনিধি এবং স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিল। ডওঅ পরিচালনা পর্ষদের সদস্য ড. ওসমান তারাবিন জানান, দুটি স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘পুরনো ভবনের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় আমরা প্রায় ৯৫ হাজার বর্গফুটের নতুন স্থাপনা তৈরি করেছি। এতে শুধু উইন্ডসর নয়, আশপাশের এলাকাগুলো থেকেও মুসলিম পরিবাররা আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন এবং উচ্চ বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, যা ২০০৩ সালে ক্রয় করা পুরনো স্কুল ভবনের ধারণক্ষমতাকে বহু গুণে ছাড়িয়ে গেছে। প্রায় ২৫ জন শিক্ষক-কর্মচারীর সমন্বয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ড. তারাবিন আরো জানান, টরন্টো এলাকার বহু মুসলিম পরিবার সন্তানদের ইসলামী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উইন্ডসরে স্থানান্তরের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠান দুটির জন্য শ্রেণিকক্ষ, বাথরুম ও অন্যান্য সুবিধা সংস্কারে প্রায় তিন লাখ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। এই উদ্যোগ উইন্ডসর ও এসেক্স অঞ্চলে ইসলামী শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
(সূত্র : আলোকা নেটওয়ার্ক)









