নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাটাখালিতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২জন নিহত হয়েছে। এছাড়াও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৫টার এ ঘটনা ঘটে।

সংঘর্ষের মোটরসাইকেল আরোহী দুজন মারা গেছেন। তারা হলেন, পবার চেক বেলঘোরিয়া এলাকার মোহাম্মদ আবু রাব্বানী (৩৫) ও মতিহার থানার বাখরাবাজ এলাকার মুক্তার আলীর ছেলে শুভ (২৫)।
আহত অপরজন হলেন, হারুন অর রশিদ (২৫)। তার বাড়ি বাখরাবাজ এলাকায়। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে শুভ মোটরসাইকেল চালক ছিলেন।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালায় বলে নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির সিল্কসিটি নিউজকে জানিয়েছেন।
তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যার একটু আগে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস আসছিল। এদিকে নগরী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। তাতে তিনজন আরোহী ছিলেন।
মোটরাসাইকেলটি কাটাখালি জুটমিলের দুিই নম্বর গেটের কাছে পৌঁছামাত্র যাত্রীবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোরসাইকেল আরোহী তিনজনের মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরী বিভাগের চিকিৎসকরা আরকেজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত হারুনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে মতিহার থানার ওসি হুমায়ন কবির আরো জানান, ঘাতক বাসটিকে আটক করে পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে। দেশ ট্রাভেলসের ওই বাসটির নম্বর হলো রাজ মেট্র: (হ) ১২৪৭৮৯।
স/আর









