সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে একটি গহীন পাহাড়ে মানবপাচারের উদ্দেশে অপহৃত শতাধিক বাঙালি ও রোহিঙ্গা নাগরিককে বিশেষ আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের সেই দুর্গম পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়, সেনাসদস্যদের পাশাপাশি অভিযানে অংশ নেয় বিজিবি ও পুলিশ।
অভিযান শুরুর পরপরই মানবপাচারকারীরা গুলিবর্ষণ করতে থাকে, একপর্যায়ে বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন ১ বীর (১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)-এর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭)।

বৃহস্পতিবার রাতে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, তিতাসের অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া, মানবপাচারকারী চক্রের পাঁচজন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান অব্যাহত রেখে জড়িতে অন্যান্যদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী-পুলিশ-বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। কোনোভাবেই মানবপাচারকারীদের ছাড় দেওয়া হবে না এবং পুরোপুরি সন্ত্রাসী তৎপরতা নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।
যৌথবাহিনীর ওপর মানবপাচারকারীদের হামলায় সেনাসদস্য নিহতের প্রতিবাদে রাত ১০টার দিকে কক্সবাজার শহরে টায়ার জালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র-জনতা।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্যে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, টেকনাফ থেকে যেভাবেই হোক মানবপাচারের অভিশাপ দূর করতে হবে। রাঘববোয়াল যারা অপরাধীদের আশ্রয় দিয়ে হিংস্র বানিয়েছে তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এ ছাড়া শুক্রবার বিকেলে উখিয়ায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি বিক্ষোভের ডাক দিয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, একজন দেশপ্রেমিক সেনাসদস্য মাদক ও মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন। এর প্রতিবাদে উখিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করবে। যেভাবেই হোক উখিয়া-টেকনাফকে মাদক ও মানবপাচারমুক্ত করতে হবে।
সেনাসদস্য মৃত্যুর ঘটনায় আইএসপিআর শোকবার্তায় জানিয়েছে, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বলেও বার্তায় জানানো হয়।
সূত্র: ঢাকা পোস্ট









