বিজ্ঞান ও প্রযুক্তি

কলড্রপের প্রায় ৫০ কোটি মিনিট গ্রাহককে দেয়নি অপারেটরগুলো

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলড্রপের কারণে গ্রাহকের প্রাপ্য ৪৭ দশমিক ৩২ কোটি মিনিট টকটাইম ফেরত দেয়নি জিপি, রবি ও বাংলালিংক।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন একজন গ্রাহকের একটির বেশি কলড্রপের প্রতিটিতে এক মিনিট করে করে টকটাইম ফেরত দিতে হবে।

২০১৭ সালের সেপ্টেম্বর হতে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোনের একের অধিক কলড্রপ হয়েছে ২৭ কোটি ৭৭ লাখ। এরমধ্যে অপারেটরটি ফেরত দিয়েছে ১০ কোটি ৩০ লাখ মিনিট। তারা ১৭ দশমিক ৪৭ কোটি মিনিটই ফেরত দেয়নি গ্রাহককে।

রবির একের অধিক কলড্রপ ২৪ কোটি ৪৭ লাখ। এরমধ্যে ৬ কোটি ৮২ লাখ ফেরত দিয়েছে তারা। বাকি ১৭ দশমিক ৬৫ কোটি মিনিট ফেরত দেয়নি তারা।

বাংলালিংকের একাধিক কলড্রপ ১৭ কোটি ১৪ লাখ। তারা ফেরত দিয়েছে ৪ কোটি ৯৪ লাখ মিনিট। ১২ দশমিক ২ কোটি মিনিটই ফেরত দেয়নি তারা।

সরকারি মোবাইল অপারেটর টেলিটকের এই একের অধিক কোনো কলড্রপ নেই। তাই তাদের টকটাইম ফেরত দেয়ার কিছু ছিল না।

গ্রাহকের এই পাওনা ফেরত না দেয়ার কারণে কী ব্যবস্থা নেবে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ?

সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, গ্রাহকের পাওনার বিষয়ে এক্ষেত্রে যে বিধি রয়েছে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।