সিল্কসিটিনিউজ ডেস্কঃ
করোনোভাইরাস সন্দেহে বগুড়ায় নতুন করে বিদেশফেরত আরো ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।
এ বিষয়ে গতকাল শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় নন্দীগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি আটজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল জানান, গতকাল শনিবার উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ্ব করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় মোট পাঁচজন করে ১০ জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, গত ১১ মার্চ থেকে আজ (১৪ মার্চ) পর্যন্ত জেলায় মোট ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট নয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।










