সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে দায়িত্ব পালনকারী ৪৬ ফেডারেল অ্যাটর্নিকে পদত্যাগ করতে বলেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এর মধ্যে ম্যানহাটনের অ্যাটর্নি প্রিত ভারারাও রয়েছেন। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর প্রিতকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছিলেন ট্রাম্প।

মার্কিন অ্যাটর্নি পুরোপুরি রাজনৈতিক নিয়োগ হলেও ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অনেকটা চমকে যাওয়ার মতো বলে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিচার বিভাগের এক মুখপাত্র জানান, ফেডারেল বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ভারারাকেও পদত্যাগের অনুরোধ করা হয়েছে।
২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারারাকে নিয়োগ দেন। তিনি দুর্নীতি ঠেকানোর জন্য বেশকিছু পদক্ষেপ নেন। ৩০ নভেম্বর ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ভারারা। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। শুক্রবার অবশ্য ভারারা বেশ অবাক হয়েছেন। তিনি নিশ্চিত নন যে তাকে যিনি পদত্যাগ করতে বলেছেন তিনি ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে জানেন কিনা।
সবগুলো পদত্যাগই মেনে নেওয়া হবে কিনা সেই বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। বিচার বিভাগের এক মুখপাত্র জানান, মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডানা বোয়েন্তেকে তার পদত্যাগ বাতিল করার জন্য ডেকেছেন ট্রাম্প। এছাড়াও ম্যারিল্যান্ডের অ্যাটর্নি রড রোজেনস্টাইনকে আগের পদে বহাল থাকতে বলেছেন। তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিলো ট্রাম্পের।
শুক্রবার বিচার বিভাগ থেকে বলা হয়, নতুন অ্যাটর্নি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্যারিয়ার প্রসিকিউটররা তাদের দক্ষতা দিয়ে অফিস চালাবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










