অর্থ ও বাণিজ্য

এমএনপি সেবার খরচ কমল

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) অর্থাৎ মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলসংক্রান্ত সেবার চার্জ ১৫৭ টাকা ৫০ পয়সা থেকে কমে ৫৭ টাকা ৫০ পয়সা হচ্ছে। এ সেবার ক্ষেত্রে সরকার সিম প্রতিস্থাপনের জন্য ১০০ টাকা চার্জ মওকুফ করায় গ্রাহকরা এ সুবিধা পাবে। অর্থ মন্ত্রণালয় শর্তসাপেক্ষে এই চার্জ মওকুফ করেছে।

এ বিষয়ে গত রবিবার প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ‘মূল্য সংযোজন কর আইন-১৯৯১ (১৯৯১ সালের ২২ নম্বর আইন)-এর ধারা ১৪-এর উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার কেবল মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা গ্রহণের ক্ষেত্রে, বর্তমান অপারেটরের সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিমকার্ড গ্রহণের ক্ষেত্রে প্রতিটি সিমকার্ডের বিপরীতে সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিম্নবর্ণিত শর্তে অব্যাহতি প্রদান করল।’

এমএনপি সেবার সিম প্রতিস্থাপন কর তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম বলেন, ‘এটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ। এর ফলে এ সেবা নিতে গ্রাহকের আগ্রহ অনেকাংশেই বাড়বে। ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এ ছাড়া মোবাইল ফোন অপারেটরদের মধ্যে এমএনপি সেবা দিতে প্রতিযোগিতা আরো বাড়বে, যার সুফল হিসেবে গ্রাহকরা পাবে উন্নত মানের সেবা।’

সরকারের এই সিদ্ধান্তে এমএনপি সেবা নিতে আগ্রহী গ্রাহকের সংখ্যা বাড়বে বলে আশা করছে—এ সেবার লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটক বিডি। প্রতিষ্ঠানটির সিইও লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে এমএনপি সেবা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের স্বাধীনতা বাড়ল। এখন থেকে ১৫৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৫৭ টাকা ৫০ পয়সায় এ সেবা নেওয়া যাবে।