রাজশাহী

এবার রুয়েট শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)শিক্ষক সমিতি।

আজ রোববার বিকেল ৩টায় শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সহ-সভাপতি এনএইচএম কামরুজ্জামান সরকার।

তিনি বলেন, রুয়েটের শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকার মন্তব্য করা হয়েছে। এছাড়া আমাদের কথার অবাধ্য হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য স্যারসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকবো।

রুয়েট সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে ‘৩৩ ক্রেডিট পদ্ধতি’ বাতিলের দাবিতে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগসহ ১৫ শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন করে আসছিল ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে ডাকা অ্যাকাডেমিক সভা শেষে রোববার দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ এ পদ্ধতি বাতিলের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

পরে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এর পারে বিকেলে শিক্ষকদের এক জরুরি সভায় উপাচার্যসহ ১৫ জন শিক্ষককে অবরুদ্ধ ও অসদাচারণের অভিযোগে ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
স/শ