নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের বিএনপিপন্থি কাউন্সিলররা। রোববার ১৭ জন কাউন্সিলরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটিকে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে তারা সম্মেলনের মাধ্যমে নগর বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে তৃণমূল ও স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে আন্দোলনবিমুখ, স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয়, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। বিএনপির দূর্গ হিসেবে পরিচিত রাজশাহী মহানগর বিএনপির সদ্য ঘোষিত এরুপ অথর্ব কমিটি অনভিপ্রেত ও নজিরবিহীন উপহাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরূপ বিতর্কিত সমন্বয়হীন কমিটি দলের মধ্যে দীর্ঘমেয়াদে বিভেদ, অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি করবে। অনতিবিলম্বে সদ্য ঘোষিত মহানগর বিএনপির বিতর্কিত কমিটি স্থগিত করে মহানগর ও জেলা বিএনপিকে বাঁচানোর কল্পে তৃণমূল ও সকল সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীরা হলেন, সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাইদ টুকু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলু, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুল, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনজুর হোসেন, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসিরা খানম, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুসলিমা বেগম ও সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুন নাহার।
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল আমিন বলেন, ‘কারও প্রতি কোনো রাগ ক্ষোভ থেকে নয়, আমার মনে হয় দলের স্বার্থে কমিটির পুনর্গঠন করা প্রয়োজন। তাই স্বাক্ষর করেছি।’
নতুন কমিটির দায়িত্ব পাওয়া মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া শফিকুল হক মিলন সিল্কসিটি নিউজকে বলেন, ‘দলের চেয়ারপারসন যেটা করে দিয়েছেন সেটাই চূড়ান্ত। এ নিয়ে কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর গত ২৭ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে নগর বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। একই দিনে জেলা বিএনপিরও কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
স/আর









