ছবিঘর

এটি আমার প্রথম মৌলিক উর্দু গান

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমি চেষ্টা করব সমাজে যাঁরা কঠিন সময় পার করে জয়ী হয়েছেন তাঁদের তুলে ধরতে। আমাদের এখনো এক ধরনের ট্যাবু কাজ করে। ক্যান্সারের মতো রোগ হলেও বলতে লজ্জা পাই

শাফকাত আমানত আলীর সঙ্গে ‘দূর যাইও না’ গানটির পেছনের গল্প শুনতে চাই।

এটা বেশ আগেই গেয়েছিলাম।

শাফকাত তখন বাংলাদেশে একটা কনসার্ট করতে এসেছিলেন। সেখান থেকে অদিত রহমানের স্টুডিওতে গিয়েছিলেন। আমিও ছিলাম সেখানে। মাত্র আধা ঘণ্টায় গানটি লেখা ও সুর করা হয়েছিল।

অদিত ভাই একদিকে সুর করছেন, শাফকাত লিখছেন। দারুণ এক মুহূর্ত ছিল সেদিন। ২০২৩ সালে আমি দুবাই গিয়েছিলাম। তখন শাফকাতও সেখানে ছিলেন।

গানটির শুটিং দুবাইয়ে করেছি। পরিচালনা করেছেন পাকিস্তানের আসিফ মাহমুদ। ওহ! বলে রাখি, এটা আমার প্রথম মৌলিক উর্দু গান। এর আগে আমি আর শাফকাত আরেকটি উর্দু গান করেছিলাম, সেটা ছিল কাভার।

ঢাকার বনানীতে ‘উইন্টার মেলোডি’ নামের একটি আয়োজনে গাইবেন ৬ ফেব্রুয়ারি।

সেদিন কী কী গান করবেন?
সফট মেলোডি ঘরানার গানই বেশি করব। তা ছাড়া গজল ও রবীন্দ্রসংগীতও থাকবে। দুই ঘণ্টা টানা গাইব। লাইট ঘরানার মিউজিক থাকবে। অন্যান্য ইন্সট্রুমেন্টের সঙ্গে বাঁশি নয়তো সেক্সোফোন রাখার ইচ্ছা আছে। আসনসংখ্যা কিন্তু সীমিত, মাত্র এক শ। ফলে দারুণ একটা গানের পরিবেশ তৈরি হবে বলে মনে করছি। যেহেতু নির্দিষ্ট্র শ্রোতা তাই অনুরোধের গানও করব কিছু কিছু।

‘হিলিং রুম’ নামের একটি পডকাস্ট শুরু করেছেন…

হ্যাঁ। এর মধ্যে প্রথম পর্ব প্রচারিত হয়েছে। বেশ সাড়াও পাচ্ছি। এই অনুষ্ঠানের কনসেপ্ট, শিল্পী নির্বাচন থেকে শুরু করে সবকিছুই আমি করছি। এখানে যাঁরা অতিথি হবেন তাঁরা যে শুধু তারকাই হবেন তা নয়। আমি চেষ্টা করব সমাজে যাঁরা কঠিন সময় পার করে জয়ী হয়েছেন তাঁদের তুলে ধরতে। আমাদের এখনো এক ধরনের ট্যাবু কাজ করে। ক্যান্সারের মতো বড় রোগ হলেও বলতে লজ্জা পাই। এতে করে মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে যাই। ভেঙে পড়ি। এটা থেকে বের হয়ে আসার জন্য, মানসিক শক্তি যোগানোর জন্যই এই অনুষ্ঠান।

 

এবারের সরস্বতী পূজায় জয়ী [মেয়ে]কে হাতেখড়ি দিয়েছেন। সে কি স্কুলে যাচ্ছে?

আরে না! মাত্র ওর বয়স দুই বছর। তবে ভীষণ ট্যাকনা। তাই ভাবলাম বাড়িতে যেহেতু পূজা, হাতেখড়িটা দিয়েই রাখি। ওর কিন্তু নাচে অনেক আগ্রহ। গান তেমন টানে না মনে হয়।

 

কনসার্টের কী অবস্থা?

খুব বাজে। কনসার্ট হচ্ছে না বললেই চলে। দেখছেন না বেশির ভাগ শিল্পীই বসে আছেন। আমি লাস্ট কনসার্ট করেছি প্রায় এক মাস হতে চললো। এদিকে নির্বাচনের আগে তো কনসার্ট হওয়ার সম্ভাবনাও কম।

২০২৫ সাল সিঁথির জন্য কেমন ছিল?

দারুণ। বছরের শুরুতে তাহসান রাহমান খান ও শাফকাত আমানতের সঙ্গে গান এসেছিল। এ ছাড়া নাটক, ওয়েব ছবিতেও দারুণ দারুণ গান এসেছিল। ইউরোপ, আমেরিকা, লন্ডনে ট্যুর দিয়েছিলাম। তবে বছরের শেষের দিকটা একটু খারাপ গেছে। আসলে জাতীয় নির্বাচনের আগে আগে মানুষ তো গানবাজনার চেয়ে রাজনীতি নিয়েই সরব থাকে বেশি।

 

২০২৬ কেমন যাবে বলে মনে হচ্ছে?

আশা করছি ২০২৫ সালের চেয়ে বেটার কিছু হবে। এ বছরও দারুণ দারুণ কিছু গান প্রকাশিত হবে। সেই সঙ্গে বিদেশে ট্যুরের ব্যাপারেও আলোচনা চলছে। নির্বাচনের পর দেশ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলে কনসার্টও বাড়বে।

 

অভিনয়ে কি আর ফিরবেন?

অবশ্যই। এ বছরই ফিরব। মাঝখানে অনেক প্রস্তাব পেয়েছিলাম। সেগুলো পছন্দ হয়নি। এবার বলতে পারেন পছন্দ হয়েছে। কিছুদিন পরে অবশ্যই ঘোষণা দেব।