আন্তর্জাতিক

ইসরায়েলে আগামীকাল নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। এরমাধ্যমে নির্ধারিত হবে বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভোটের ফলাফলের যে জরিপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর অন্যতম কারণ এবার প্রথমবারের মতো ভোট দেবে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি। এছাড়া প্রায় ৭০ হাজার ইসরায়েলি বিশ্বের অন্যান্য দেশ থেকে শুধুমাত্র ভোট দিতে আসছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্মের পর তাদের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে ৬১টি আসন পায়নি। ফলে অন্যান্য দলগুলোকে জোট করে সরকার গঠন করতে হয়েছে।

যেহেতু ইসরায়েলে ছোট ছোট দলগুলো জোট করার পর যারা ৬১টি বা তার বেশি আসন যোগাড় করতে পারে তারাই ক্ষমতায় যায়, তাই নেতানিয়াহু কম আসন পেলেও অন্য উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে আবারও ক্ষমতায় আসতে পারেন। অন্যদিকে গাদি আইজেনকোতও ক্ষমতায় আসতে পারেন।

আলজাজিরা বলেছে, সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অপরদিকে নেতানিয়াহুর উগ্রপন্থি জোট পেতে পারে ৫০টি আসন। ফলে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো নির্ধারণ করে দিতে পারে কারা ক্ষমতায় আসবে।

আলজাজিরা বলেছে জয়েন্ট লিস্ট এবং রা’ম নামে ইসরায়েলে দুটি আরব দল আছে। যারা ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্ব করে। দখলদার ইসরায়েলের যে জনসংখ্যা রয়েছে তারমধ্যে ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। আর এ দুটি দল এবারের নির্বাচনে ১৩টি আসনে জিততে পারে।

২০২১ সালে রা’ম সাবেক প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে জোট করে তাকে সরকার গঠনে সহায়তা করেছিল। ইসরায়েলের ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা যেখানে আরব দলগুলো ইসরায়েলি সরকারের অংশ ছিল।

রা’মের প্রধান নেতা মানসুর আব্বাস বলেছেন, যদি নেতানিয়াহুকে এবার ক্ষমতাচ্যুত করতে প্রধান বিরোধী জোটের অতিরিক্ত আসন প্রয়োজন হয় তাহলে তিনি তাদের সহায়তা করতে প্রস্তুত আছেন।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

সূত্র: ঢাকা পোস্ট