সিল্কসিটিনিউজ ডেস্ক :
বর্তমানে গাজা শহরের ওপর দফায় দফায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গাজার সবচেয়ে বড় এবং এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত এ নগরী দখল করে দক্ষিণে জোরপূর্বক দশ হাজারেরও বেশি মানুষকে তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ সরিয়ে নিতে চাইছে দখলদার বাহিনী।

আল জাজিরাকে দেওয়া এক মেডিকেল সূত্রের তথ্যে জানা গেছে, গাজার আল-সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কুমি রয়েছেন।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, গাজার পূর্বাংশে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েল ভারী আর্টিলারি, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বাকি যে সামান্য বসতবাড়ি রয়েছে সেগুলোও ধ্বংস করছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ ভয়াবহ।









